গুগলের বিরুদ্ধে মার্কিন অ্যান্টিট্রাস্ট মামলায় অংশ নিতে চায় অ্যাপল
গুগলের বিরুদ্ধে আসন্ন মার্কিন অ্যান্টিট্রাস্ট মামলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগলের উপর নির্ভর না করে তাদের রাজস্ব ভাগাভাগির চুক্তি রক্ষা করার জন্য নিজেদের পক্ষে সুরক্ষা নিশ্চিত করতে চায়। খবর রয়টার্স।
এই চুক্তি অনুযায়ী, গুগল অ্যাপলকে প্রতিবছর বিলিয়ন ডলার প্রদান করে যাতে সাফারি ব্রাউজারে গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকে।
আদালতে দাখিল করা নথিতে অ্যাপল জানিয়েছে, তারা গুগলের সাথে এই অর্থপ্রদান বন্ধ হলেও নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করার কোনো পরিকল্পনা করছে না। শুধু ২০২২ সালেই গুগলের সাথে এই চুক্তি থেকে অ্যাপল প্রায় ২০ বিলিয়ন ডলার আয় করেছে।
আগামী এপ্রিলে মামলায় সাক্ষ্য দিতে সাক্ষীদের ডাকার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। প্রসিকিউটররা প্রমাণ করতে চাইবে যে, গুগলকে অনলাইনে সার্চ প্রতিযোগিতা পুনঃস্থাপনের জন্য তার ব্যবসায়িক ইউনিটগুলো, যেমন ক্রোম ব্রাউজার এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রি করতে হবে।
অ্যাপল জানিয়েছে, "গুগল এখন আর অ্যাপলের স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। তাদের এখন ব্যবসা ভাঙার চেষ্টার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।"
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে যে মামলা করেছে, তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তথ্য অনুসন্ধানের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। গুগল কিছু ব্রাউজার নির্মাতা, মোবাইল ডিভাইস প্রস্তুতকারক এবং ওয়্যারলেস ক্যারিয়ারদের সাথে ডিফল্ট চুক্তি শিথিল করার প্রস্তাব দিয়েছে। তবে গুগল সার্চ থেকে অর্জিত বিজ্ঞাপনের রাজস্ব ভাগাভাগির চুক্তি বাতিলের কোনো ইঙ্গিত দেয়নি।
গুগলের একজন মুখপাত্র মঙ্গলবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ডিবিটেক/বিএমটি





